নারায়ণগঞ্জে সিরিজ বোমা হামলা: জেএমবির সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সিরিজ বোমা হামলা মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার জেএমবির সদস্য কেফায়েতুর রহমান ওরফে নোমান। ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জে সিরিজ বোমা হামলা মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার জেএমবির সদস্য কেফায়েতুর রহমান ওরফে নোমান। ছবি: প্রথম আলো

২০০৫ সালের ১৭ আগস্ট নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেএমবির সিরিজ বোমা হামলা মামলার আসামি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য কেফায়েতুর রহমান ওরফে নোমানকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে।

কেফায়েতুর রহমান ওরফে নোমান নারায়ণগঞ্জ সদর উপজেলার কোতালেরবাগ এলাকার মাহবুবুর রহমানের ছেলে। তিনি ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সিনিয়র সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেফায়েতুর রহমান ওরফে নোমান জেএমবির সিরিজ বোমা হামলার মামলার আসামি। ২০০৫ সালের ১৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ওই মামলায় ফতুল্লা মডেল থানার পুলিশ গ্রেপ্তার হওয়া ১১ জন ও পলাতক ৫ জেএমবির সদস্যের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। গ্রেপ্তার করা আসামিদের মধ্যে ছিলেন জেএমবির প্রতিষ্ঠাতা আমির ও প্রধান শায়েখ মাওলানা আবদুর রহমান, জেএমবির সামরিক শাখার কমান্ডার ও শুরা সদস্য আতাউর রহমান সানি, জেএমবির আঞ্চলিক প্রধান ও অন্যতম শুরা সদস্য সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই। অন্য মামলার বিচারে এই আসামিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে কেফায়েতুর রহমান জানান, তৎকালীন জেএমবির প্রধান শায়েখ আবদুর রহমান নির্দেশে তাঁর অন্য সহযোগীদের সঙ্গে নিয়ে ওই বোমা হামলায় অংশ নেন। জেএমবির প্রধান শায়েখ মাওলা আবদুর রহমান, সিদ্দিকুর ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানিসহ গ্রেপ্তারকৃত ও জেএমবির অন্য জঙ্গিদের সঙ্গে কেফায়েতুর রহমানের সরাসরি যোগাযোগ ছিল।

কেফায়েতুর রহমানের জন্ম চট্টগ্রামের সন্দ্বীপ হলেও সাত বছর বয়সে নারায়ণগঞ্জে আসেন এবং ওই এলাকায় বসবাস শুরু করেন। সারা দেশে সিরিজ বোমা হামলার পর ব্যাপক পুলিশি তৎপরতায় কেফায়েতুর রহমান এলাকা ছেড়ে আত্মগোপন করে ছদ্মনামে বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান। ২০০৭ সালে হোসাইন আহমেদ আজমী পরিচয়ে রাজশাহীর কাটাখালী এলাকায় তাঁর খালাতো ভাইয়ের মাদ্রাসা জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন।

কেফায়েতুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নিজেকে আড়াল করার জন্য ছন্দনাম ব্যবহার করে ওই এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।