নারায়ণগঞ্জে সুকান্তের জন্মবার্ষিকী পালিত
কবি সুকান্ত ভট্টাচার্যের ৯০তম জন্মবার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জের উন্মেষ সাংস্কৃতিক সংসদ। সকাল ১০টায় নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে সুকান্তের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়।
বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাষাসংগ্রামী ও শব্দসৈনিক কামাল লোহানী, সংস্কৃতিজন রফিউর রাব্বি, উন্মেষের সাধারণ সম্পাদক রাজীব খান, সভাপতি প্রদীপ ঘোষ প্রমুখ।
কামাল লোহানী বলেন, ‘দুর্ভাগ্য হচ্ছে ২১ বছর বয়সে কবি সুকান্ত পৃথিবী থেকে চিরবিদায় নেন। কিন্তু তাঁর কবিতার ভাষা ও বাণী আজও প্রাসঙ্গিক। এখনো অনাহারী মানুষের ক্রন্দন, শ্রমজীবী মানুষের ওপর বিত্তবানদের নিষ্ঠুর পদাঘাত, হত্যা-খুন, সাম্প্রদায়িক উগ্রবাদীদের তাণ্ডব চলছেই। সুকান্ত এরই বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন রাজপথে, তাঁর কবিতায়। আমাদের তরুণ প্রজন্মের আজও তিনি প্রেরণার উৎস।’ তিনি আরও বলেন, ১৭ বছর বয়সে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের শিকার হয়। সেও কবিতা লিখত। কিন্তু সাড়ে তিন বছরেও অভিযোগপত্র দেওয়া হয়নি।