নারায়ণগঞ্জে সুপার শপের মাছে ফরমালিন
নারায়ণগঞ্জে পুলিশ প্রশাসন গতকাল সোমবার শহরে অভিযান চালিয়ে একটি সুপার শপের পণ্যে ফরমালিন শনাক্ত করে। এ কারণে প্রতিষ্ঠানটির ১৫-২০ হাজার টাকার মাছ ধ্বংস করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ক-অঞ্চল) আজাদ খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের, মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এম সোলাইমান, সাধারণ সম্পাদক সাঈদুজ্জামান, সহসাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, মহিলা সম্পাদিকা শিরিন বেগম, মাসুদুর রহমান, নাফিজ আশরাফ, রহিম উদ্দিন, উম্মে রোমান প্রমুখ। সাঈদুজ্জামান জানান, শুরুতেই ৩ নম্বর মাছঘাট, দিগুবাবুর বাজার ও চারারগোপ ফলের আড়তে অভিযান চালানো হয়। সেখানে মাছ বা ফলমূলে ফরমালিন পাওয়া যায়নি। পরে মিশনপাড়া এলাকায় অভিজাত বিপণিবিতান স্বপ্নতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে রাখা মাছের বরফে ফরমালিন পাওয়া যায়।