নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানো মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন হয়নি। সেখানে পক্ষপাতদুষ্ট নির্বাচন হয়েছে। এই নির্বাচন অসাংবিধানিক ও অগণতান্ত্রিক।’ গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইরের বাসায় সংবাদ সম্মেলন করে তৈমুর এ অভিযোগ করেন।এর আগে গত রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পরপর তৈমুর আলম বলেছিলেন, ‘শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হওয়ায় আমি খুশি। ভোটকেন্দ্রের পরিবেশও ভালো ছিল। ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।’ তবে গতকালের সংবাদ সম্মেলনে ওই বক্তব্য থেকে সরে আসেন তৈমুর আলম।জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম বলেন, ‘নির্বাচনের প্রচার চলার সময়ে আমার ফেস্টুন খুলে ফেলার নির্দেশ দিলেও ক্ষমতাসীন দলের প্রার্থীদের ফেস্টুন টানানো ছিল। এ ব্যাপারে আমি রিটার্নিং কর্মকর্তাকে জানালেও তিনি আমাকে বলেন, “অন্য প্রার্থীদের ফেস্টুন চোখে পড়েনি।” শুধু এটিই নয়, নির্বাচনের সময় আমার নেতা-কর্মীদের প্রশাসন নানাভাবে যে হয়রানি করেছে, এ রকম একাধিক ঘটনা আছে।’তৈমুর আলম প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি করে বলেন, নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডহীন কমিশন। সিটি করপোরেশন নির্বাচনে সরকার সেনাবাহিনী মোতায়েন না করে সংবিধান লঙ্ঘন করেছেন—এই কথা বলেও সিইসি কেন পদত্যাগ করেননি?’সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল তৈমুর আলম বলেন, ‘ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করায় নির্বাচন কমিশন আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আমি ওই নোটিশের শুনানির সময় কম্পিউটার বিশেষজ্ঞের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমার সন্দেহ ঠিক ছিল। কিন্তু সরকারের আজ্ঞাবহ রিটার্নিং কর্মকর্তা কোনো সিদ্ধান্ত না দিয়ে বলেছেন, নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আমি আজও জানলাম না কমিশন আমার নোটিশের জবাব গ্রহণ করল কি না। ওই সিদ্ধান্ত পাওয়ার পর প্রয়োজনে উচ্চ আদালতে যাব।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন খান, শাহীন, সুরুজ জামাল প্রমুখ।