নারায়ণগঞ্জে সেলিম হত্যায় জড়িত তিনজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ব্যবসায়ী সেলিম সুলতান মাসুদ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গত দুদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বন্দর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।পুলিশের জিজ্ঞাসাবাদে জমি-সংক্রান্ত বিরোধ ও পরকীয়া প্রেমের ঘটনার জের ধরে সেলিমকে খুন করা হয়েছে বলে খুনিরা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, হত্যাকাণ্ডের পর গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার ফুলহর এলাকা থেকে আরিফ (২৪), সোনারগাঁওয়ের গঙ্গাচরা এলাকা থেকে মাসুদ (২৫) ও একই উপজেলার নয়াপুর এলাকা থেকে শিশিরকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত একটি দা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, এলাকার ব্যবসায়ী মফিজের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেম এবং নিহত সেলিমের বাবা মৃত শাহজাহানের সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহলের বিরোধের জের ধরেই সেলিমকে হত্যা করা হয়েছে। সেলিমকে হত্যা করতে মফিজ নগদ ১০ হাজার টাকা এবং হত্যার পর বিদেশ পাঠিয়ে দেওয়া হবে শর্তে পাঁচজনকে ভাড়া করেন। গত বৃহস্পতিবার বিকেলে মফিজের স্ত্রীর মুঠোফোনে কয়েকবার ফোন করেন সেলিম। বিষয়টি জানতে পেরে ওই দিন বিকেলেই বেশ কয়েকবার ফোন করে সেলিমকে দেওয়ানবাগ এলাকায় ডেকে আনেন মফিজ। সেখানে একটি ঘরে প্রথমে সেলিমকে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে একটি মাইক্রোবাসে উঠিয়ে তাঁকে ফুলহরে পারটেক্স গ্রুপের পাশের একটি জমিতে নিয়ে আরিফ, মাসুদ, শিশির, ইমরান ও বাবু মিলে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে তারা সেলিমের লাশ একটি মাইক্রোবাসে করে মদনপুরের মুরাদপুর এলাকায় সড়কের পাশে খাদে ফেলে দেয়। গ্রেপ্তার হওয়া তিনজন ছাড়াও অন্য দুজন হলো ইমরান ও বাবু। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন সেলিম সুলতান মাসুদ। পরদিন শুক্রবার সকালে বন্দর উপজেলার মদনপুরের মুরাদপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।