নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক-শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের নলুয়া এলাকায় যৌতুকের কারণে জান্নাতুল ফেরদৌসি জেনিকে (১৬) হত্যার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার সকালে গণবিদ্যা নিকেতন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা মিছিল-সমাবেশ করেন। জেনি এই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল।গত সোমবার রাতে যৌতুকের দাবিতে স্বামী বদিউজ্জামান বাদশা নির্মম নির্যাতনের পর শ্বাসরোধে জেনিকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। গণবিদ্যা নিকেতন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা শহরের ডিআইটি এলাকায় স্কুলেরর সামনে থেকে মিছিল বের করেন।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতি ও নারায়ণগঞ্জ পৌরসভার প্যানেল চেয়ারম্যান ওবায়েদউল্লাহ, সদস্য ফজলুল হক, সহকারী প্রধান শিক্ষক আবদুল জব্বার, সহকারী শিক্ষিকা রীতা সাহা, নিহত জেনির ভাই মাসুদ রানা প্রমুখ বক্তব্য দেন।বক্তারা জেনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।