নারায়ণগঞ্জে স্কুলছাত্র রাকিবুল হত্যায় চারজনের ফাঁসি

নারায়ণগঞ্জের বন্দরে স্কুলছাত্র রাকিবুল হাসান ইমনকে অপহরণ করে হত্যার মামলার রায়ে চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মিয়াজী শহীদুল ইসলামের আদালত তিন আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।
এ মামলার দুজন আসামি পলাতক। অপর এক আসামি কিশোর হওয়ায় কিশোর অপরাধ আইনে তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাইদুর রহমান, তোফাজ্জল, শারজাহান জীবন, জামান ও কিশোর আল আমিন। এর মধ্যে শারজাহান জীবন ও জামান পলাতক।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি আব্দুর রহিম বলেন, নিহত ইমনের বাবা নুরু মিয়া দেশের বাইরে থাকেন। পরিবারের কাছে থেকে মুক্তিপণ আদায়ের লোভে রাকিবুলকে অপহরণ করা হয়। ২০১৪ সালের ২৯ জানুয়ারি নবম শ্রেণির ছাত্র রাকিবুল হাসানকে তার চাচাতো ভাই আল আমিন ডেকে নিয়ে যায়। আসামিরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে বস্তাবন্দী লাশ উপজেলার মালিভিটার এলাকার ইপিবিএল কারখানার পাশের একটি ডোবায় পুঁতে রাখা হয়। এরপর নিহতের মা ফেরদৌসি বেগমের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা অপহরণ ও মুক্তিপণের বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রযুক্তি সহায়তায় আসামিদের আটক করে। ঘটনার ৩৫ দিন পর লাশ উদ্ধার করে পুলিশ।
ছেলে হত্যার ঘটনায় রাকিবুলের মা ফেরদৌসি বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।