নারায়ণগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযোগপত্র দাখিল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি নাঈম তারেককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন গতকাল রোববার নারায়ণগঞ্জ আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এদিকে অভিযুক্ত নাঈম তারেক গত মে মাসে জামিনে বেরিয়ে আসার পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য বাদীর পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ধর্ষণের শিকার ছাত্রীর পরিবারের অভিযোগ, ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাক মিয়া ও তাঁর ভাতিজা অভিযুক্ত নাঈম তারেক মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছেন। মামলা তুলে নেওয়া না হলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে। পরিবারের আশঙ্কা, অভিযুক্তের আত্মীয়স্বজনের অপতৎপরতার কারণে পঞ্চম শ্রেণীতে মেধা কোটায় বৃত্তি পাওয়া ওই স্কুলছাত্রীর শিক্ষাজীবন বিপন্ন হতে পারে। ধর্ষণের শিকার ওই ছাত্রীর পরিবার জানায়, নিরাপত্তাহীনতার কারণে ওই ছাত্রীকে অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, অভিযুক্ত নাঈম তারেকের পরিবার ধর্ষণের শিকার ছাত্রীর পরিবারকে কোনোরকম হুমকি দেওয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, নাঈম তারেক গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে রাস্তা থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেন।