নারায়ণগঞ্জে স্কুলছাত্রী হত্যায় দুজনের ফাঁসির রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে স্কুলছাত্রী তানিয়া আক্তার (১৪) হত্যা মামলায় দুজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। এ সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন খোকন মিয়া ও মোহর চান। যাবজ্জীবন দণ্ড পেয়েছেন সফর আলী, নূরে আলম ও মনির হোসেন। মামলা চলার সময় তারা মিয়া নামে এক আসামির মৃত্যু হওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রাকিব উদ্দিন বলেন, ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তানিয়াকে অপহরণ ও ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন তার লাশ একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়।

তানিয়ার মামা ফারুক মিয়া বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।