নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ আসনের জাপা (এ) দলীয় সাংসদ নাসিম ওসমানের স্বাক্ষর জাল করার অভিযোগে করা মামলায় নারায়ণগঞ্জ উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে এখন কারাগারে। শীতল চন্দ্র দের অভিযোগ, সাংসদের সহকারী একান্ত সচিবকে (এপিএস) ঘুষ না দেওয়ায় তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, সাংসদ নাসিম ওসমানের এপিএস এম ইকবাল মিঞা গত ২৯ জুলাই স্বাক্ষর জালিয়াতির অভিযোগে নারায়ণগঞ্জ উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতল চন্দ্র দেকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, জেএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপনের জন্য শিক্ষক শীতল চন্দ্র দে গত ২২ ফেব্রুয়ারি সাংসদ নাসিম ওসমানের প্যাড ব্যবহার করে তাঁর স্বাক্ষর জাল করে ভুয়া ডিও লেটার বানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন। সাংসদের নির্দেশে মামলাটি করেছেন বলেও বাদী এজাহারে উল্লেখ করেন।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুল্লাহ বলেন, গত ৩০ জুলাই রাতে প্রধান শিক্ষক শীতল চন্দ্র দেকে গ্রেপ্তার করা হয়েছে। পরের দিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।পুলিশ জানায়, তারা এখন সাংসদ নাসিম ওসমানের কয়েকটি নমুনা স্বাক্ষর সংগ্রহ করে সেগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠাবে। সিআইডির সংশ্লিষ্ট বিভাগ স্বাক্ষরগুলো পরীক্ষা করে দেখবে। সিআইডির প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে থানা হেফাজতে সাংবাদিকদের বলেন, ডিও লেটারটি সাংসদের স্বাক্ষরসহ এপিএস ইকবালই তাঁকে এনে দিয়েছেন। ডিও লেটার বাবদ ইকবাল তাঁর কাছে তিন লাখ টাকা ঘুষ চেয়েছিলেন। ঘুষের টাকা দিতে না পারায় তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।গতকাল শুক্রবার এপিএস ইকবাল মিঞা এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিজের অপকর্ম ঢাকতে ওই শিক্ষক এখন উল্টাপাল্টা কথা বলছেন।’এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ উচ্চবালিকা বিদ্যালয়ের একাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বলেন, গত সাড়ে তিন বছরে স্কুলের কোনো অনুষ্ঠানে সাংসদকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ না জানানো ও সাংসদের অনুগত ব্যক্তিকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বানানোর প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়াসহ বিভিন্ন কারণে শীতল চন্দ্র দের ওপর নাখোশ ছিলেন সাংসদ। এসব কারণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।