নারায়ণগঞ্জে স্কুলের অধ্যক্ষ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী এলাকার অনুমোদনবিহীন একটি স্কুলে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।সূত্র জানায়, গতকাল সোমবার ইউনিভার্স নামের ওই স্কুলে তদন্ত করতে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউস উল আযম সাংবাদিকদের বলেন, ইউনিভার্স নামের অনুমোদনবিহীন ওই স্কুলের অধ্যক্ষ ২০ হাজার টাকা ভর্তি ফি ও আড়াই হাজার টাকা মাসিক বেতনে নবম শ্রেণীতে পাঁচজন শিক্ষার্থী ভর্তি করেন। স্কুলটি ইংরেজি মাধ্যমের বলে প্রচার করা হলেও এতে সে ধরনের পড়ালেখা করানো হতো না। কিছুদিন যেতে না যেতেই শিক্ষাদানের মান ভালো নয় বুঝতে পেরে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের ওই স্কুল থেকে সরিয়ে নেন। তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষের প্রতারণার কারণে বেশ কয়েকজন শিক্ষার্থীর জীবন থেকে একটি বছর ঝরে গেছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে এম আলমগীর বলেন, ‘মাধ্যমিক শ্রেণীতে পড়ানোর জন্য স্কুলটির অনুমোদন নেই। অনেকে এ ব্যাপারে অভিযোগ দিলে আমরা পরিদর্শনে গিয়ে প্রতারণার সত্যতা পাই।’ তিনি আরও বলেন, স্কুলটির মালিক ও অধ্যক্ষ মুনতাসির নিজেকে ‘ও লেভেল’ ও ‘এ লেভেল’ করা পরিচয় দিলেও তিনি সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হন। স্কুলটির অনুমোদনের সপক্ষে কোনো কাগজপত্রও দেখাতে পারেননি তিনি।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মিয়া জানান, অনিয়ম ও প্রতারণার অভিযোগে ইতিপূর্বে কয়েকজন অভিভাবক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।