নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় গৃহবধূ জান্নাতুল ইসলাম হত্যা মামলায় তাঁর স্বামী বদিউজ্জামান বাদশাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোসাম্মৎ লুৎফা বেগম এই রায় ঘোষণা করেন। আসামি বদিউজ্জামান পলাতক রয়েছেন। তাঁর বাড়ি শহরের নলুয়াপাড়া এলাকায়।
মামলার বাদীপক্ষের আইনজীবী আসাদুল্লাহ সাগর প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের জুলাই মাসে নলুয়াপাড়া এলাকার বদিউজ্জামানের সঙ্গে কেরানীগঞ্জ থানার জাজিরা এলাকার জান্নাতুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে বদিউজ্জামান পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে তাঁর স্ত্রীর ওপর প্রায়ই নির্যাতন চালাতেন। জান্নাতুলের বাবার পরিবার সাড়ে চার লাখ টাকা দেয়। কিন্তু যৌতুকের আরও ৫০ হাজার টাকার দাবিতে তিনি ২০১০ সালের ২৫ জানুয়ারি গৃহবধূ জান্নাতুলকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেন। এই ঘটনায় জান্নাতুলের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।