নারায়ণগঞ্জে স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি মাঝিপাড়া এলাকায় গতকাল সোমবার এক ব্যক্তি তাঁর স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে ময়না বেগম (৩০) নামের ওই গৃহবধূর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। ময়না বেগমের বাবার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায়।ময়না বেগমের মামাতো বোন জিয়াসমিন আক্তার জানান, ১৫ বছর আগে ময়নার সঙ্গে হারুন মিয়ার বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান আছে। হারুন মিয়া পেশায় বাসচালক। সম্প্রতি ময়নার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন হারুন। দ্বিতীয় বিয়ের পর থেকে হারুন ময়নাকে ঠিকমতো খরচ দিতেন না। তিনি জানান, সোমবার দুপুর একটার দিকে হারুনের সঙ্গে ময়নার বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে হারুন কেরোসিন ঢেলে ময়নার গায়ে আগুন ধরিয়ে দেন। এ সময় চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা গতকাল বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।