নারায়ণগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালে নারায়ণগঞ্জের বেশির ভাগ রাস্তা ছিল এরকমই ফাঁকা। ছবিটি শহরের চাষাঢ়া মোড় থেকে তোলা। ছবি: শরিফুল হাসান
হরতালে নারায়ণগঞ্জের বেশির ভাগ রাস্তা ছিল এরকমই ফাঁকা। ছবিটি শহরের চাষাঢ়া মোড় থেকে তোলা। ছবি: শরিফুল হাসান

আইনজীবী চন্দন সরকারসহ সাতজন নিহতের ঘটনায় আজ রোববার স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছেন নারায়ণগঞ্জবাসী। জেলা আইনজীবী সমিতি এই হরতালের ডাক দেয়।
সকাল থেকে শহরে সব ধরনের যান চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। স্কুল-কলেজ খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে।

ভোর সাড়ে ছয়টা থেকে জেলা আইনজীবী সমিতি, মহানগর বিএনপি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, সিপিবি, বাসদ, ন্যাপ, গঞ্জ সাংস্কৃতিক জোট হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করেছে। সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আইনজীবীদের সমাবেশ শুরু হয়। এ সময় সেখানে বিআইডব্লিউটিএর ভাড়া করা একটি স্টাফ বাস ভাঙচুর করেন হরতালকারীরা।

হরতালের সমর্থনে জেলা আইনজীবী সমিতির মিছিল। ছবি: শরিফুল হাসান
হরতালের সমর্থনে জেলা আইনজীবী সমিতির মিছিল। ছবি: শরিফুল হাসান



এদিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সমাবেশ করছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই হরতালে সমর্থন দিয়েছে। হরতালের সমর্থনে গতকাল শনিবার সন্ধ্যায় শহরে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরে বিজিবি, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।

হরতালের সমর্থনে মিছিল। ছবি: শরিফুল হাসান
হরতালের সমর্থনে মিছিল। ছবি: শরিফুল হাসান

জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান জানান, সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে।

অন্যদিকে প্যানেল মেয়র নজরুলসহ সাতজনের হত্যার বিচারের দাবিতে আজ রোববার থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করছেন সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে লিংক রোড ধরে ঢাকায় যাওয়ার পথে অপহূত হন সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তাঁর চার সহযোগী। প্রায় একই সময়ে একই সড়ক থেকে গাড়িচালকসহ অপহূত হন আইনজীবী চন্দন সরকার। তিন দিন পর গত বুধবার একে একে ছয়জনের এবং পরদিন আরেকজনের লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে।