নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীরা এক দিন ধর্মঘট পালনের পর গতকাল সোমবার কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।গত শনিবার সন্ধ্যায় শহরের মীনাবাজারের সেলিম মার্কেটের রিফাদ জুয়েলার্স থেকে স্বর্ণালংকার লুটের ঘটনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখা অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দিয়েছিল।জুয়েলারি সমিতি সূত্র জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে শহরের মীনাবাজারে পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং রিফাদ জুয়েলার্সে ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার রাতে সদর মডেল থানায় পুলিশের সঙ্গে জরুরি বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।বাংলাদেশ জুয়েলারি সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন বলেন, ‘শনিবারের ঘটনার পর রোববার আমরা ধর্মঘট পালন করেছি। সেই সঙ্গে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতেই সদর মডেল থানার পুলিশ সমস্যা সমাধানে আমাদের সঙ্গে বৈঠকে বসে।’