নারায়ণগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ২৩
নারায়ণগঞ্জ শহরের ব্যবসায়িক এলাকা টানবাজারের মিনাবাজারে গতকাল শনিবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি স্বর্ণের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের হামলায় পথচারী ও স্বর্ণ ব্যবসায়ীসহ ২৩ জন আহত হন। আহত ব্যক্তিদের নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ জুয়েলারি সমিতির নারায়ণগঞ্জ শাখা।নারায়ণগঞ্জ সদর মডেল থানা এবং শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির মাত্র কয়েক শ গজ দূরে অবস্থিত শহরের জুয়েলারি ব্যবসাকেন্দ্র মিনাবাজারের সেলিম মার্কেটের রিফাদ জুয়েলার্সে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ডাকাতির ওই ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি, অস্ত্রের মুখে জিমিঞ্চ করে দুর্বৃত্তরা আড়াই হাজার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এর দাম প্রায় সাড়ে ১২ কোটি টাকা। ডাকাত দলের বোমা হামলায় পথচারী ও স্বর্ণ ব্যবসায়ীসহ ২৩ জন আহত হন। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, নারায়ণগঞ্জে সঞ্চরণকালে কোনো স্বর্ণের দোকানে এমন দুর্ধর্ষ এবং ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেনি। ডাকাতদের বোমা হামলায় পুরো মিনাবাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপর মিনাবাজারের ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় নেমে আসেন। খবর পেয়ে পুলিশ এবং ডিবি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। রিফাদ জুয়েলার্সের কর্মচারী মামুন, জনি ও বিল্লাল জানান, সন্ধ্যায় বেচাকেনার সময় দোকানে চার যুবক ঢোকেন। এঁদের দুজনের মুখ বাঁধা ছিল। কিছু বুঝে ওঠার আগেই এক যুবক তাঁর হাতে থাকা একটি বড় ব্যাগ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র বের করে তাঁদের জিমিঞ্চ করে ফেলেন। ওই সময় শিশুসহ দোকানে থাকা এক নারী ক্রেতাকেও অস্ত্রের মুখে জিমিঞ্চ করা হয়। এরপর এক যুবক চাপাতি এবং অপর যুবক অস্ত্র দিয়ে জুয়েলারির সামনে এবং পেছনের শোকেস ভেঙে স্বর্ণালংকার ব্যাগে ভরে নেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাঁরা বের হয়ে যান। স্বর্ণের দোকানের মালিক ফারুক হোসেনের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটিতে আড়াই হাজার ভরি স্বর্ণালংকার সাজানো ছিল। এ ছাড়া সারা দিনের বিক্রির টাকাও সিন্দুকে রাখা ছিল। সেই টাকাও লুট হয়েছে। প্রত্যক্ষদর্শী স্বর্ণ ব্যবসায়ীরা জানান, ডাকাতি শেষে রিফাত জুয়েলার্স থেকে বের হওয়ার পর বিপরীত পাশের অলংকার প্লাজার স্বর্ণ ব্যবসায়ীরা ডাকাতদের ধরতে এগিয়ে গেলে ডাকাতেরা প্রথমে অলংকার প্লাজার তিন ফটকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অলংকার প্লাজার নিচতলায় অবস্থিত ঊষা জুয়েলার্সের শাটার ভেঙে পড়ে। পরে ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে শহরের ১ নম্বর রেলগেটের দিকে পালিয়ে যায় তারা। ডাকাতদের ককটেল বিস্ফোরণে ফিরোজ আহমেদ, রমজান আলী, খোরশেদ আলম, আলমগীর হোসেন (১), আলমগীর হোসেন (২), সজিব সরদার, আমির হামজা, গৌর চন্দ্র সাহা, কালা চান, মানিক, মতিউর রহমান, আবদুর রহিম, মজিবুর রহমান, রাকিব হোসেন, সিরাজুল হক, সোলেমান, সাইফুল ইসলাম, গোলাম মাওলা, মো. মিজান, মনির ভূঁইয়া, মালেক, রেশমা বেগম ও সালাউদ্দিন আহত হয়েছেন। বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন সেলিম অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বানের বিষয়টি জানিয়েছেন। ডাকাতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার না হলে ধর্মঘট চলবে বলে তিনি জানান। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, কী পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট হয়েছে, তার হিসাব চলছে।