নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় গতকাল মঙ্গলবার সিএনজি স্টেশনে প্রাইভেট কারের চাপায় সিএনজি সিলিন্ডারবাহী এক ভ্যানচালক নিহত হয়েছেন। একই দিনে রূপগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক সাইকেল আরোহী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা দুইটার দিকে শহরের চাঁদমারী এলাকার মাস সিএনজি স্টেশনে গ্যাস আনতে যান রপ্তানিমুখী অ্যাবলুম কারখানার ভ্যানচালক মমিনুল ইসলাম (৪৫)। এ সময় একটি প্রাইভেট কার গ্যাস নিয়ে ঘোরানোর সময় সিলিন্ডারবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে চালক ঘটনাস্থলেই মারা যান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। তিনি সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকার বাসিন্দা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আসাদুজ্জামান বলেন, গতকাল সকাল আটটার দিকে উপজেলার সাওঘাট এলাকা থেকে সাইকেলযোগে আবদুল হামিদ (৪৯) তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মাহনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি মাহনা লিনডা অক্সিজেন কারখানার মেশিন অপারেটর। বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামে।