নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪
নারায়ণগঞ্জের সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন।গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন বাদল মিয়া (৪৫), তাঁর ছেলে হীরা মিয়া (১৮), সুলতা বিশ্বাস (৪২) ও সুজন (২২)।প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল আটটার দিকে নারায়ণগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলগামী একটি টেম্পো সাইলো এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কোমল পরিবহনের একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বাদল মিয়া। গুরুতর অবস্থায় হীরা মিয়া ও সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সুলতা বিশ্বাসকে শহরের খানপুর ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়। আহত অন্যদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত বাদলের ফুফু শাহানা বেগম জানান, বাদল মিয়া কোমল পরিবহন কোম্পানির গাড়ি চালাতেন এবং তাঁর ছেলে বাবার সঙ্গে সহকারী হিসেবে একই গাড়িতে কাজ করতেন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।