নারায়ণগঞ্জে সড়ক-ফুটপাত দখল করে বাস কাউন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় রেলক্রসিংয়ের পাশে সড়ক-ফুটপাত অবৈধভাবে দখল করে টিকিট কাউন্টার ও যাত্রীছাউনি গড়ে তোলা হয়েছে। সিটি করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় অনেকে বলেন, অনুমতি ছাড়াই নগরের ব্যস্ততম প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে চলাচলকারী আনন্দ পরিবহন কর্তৃপক্ষ ওই কাউন্টার ও যাত্রীছাউনি নির্মাণ করে। টিকিট কাউন্টারের সামনে প্রায় সময় আনন্দ পরিবহনের চার-পাঁচটি বাস দাঁড় করিয়ে রাখা হয়। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। সরকারি মহিলা কলেজের প্রধান প্রবেশপথের মাত্র ৩০ গজ দূরে এ কাউন্টার গড়ে তোলা হয়েছে। এতে শিক্ষার্থী ও পথচারীদের নানা বিড়ম্বনা পোহাতে হচ্ছে। স্থানীয় লোকজন জানান, ২০০৯ সালের শুরুর দিকে ওই টিকিট কাউন্টার ও যাত্রীছাউনি গড়ে তোলা হয়। আনন্দ পরিবহনের বর্তমানে ৭০টি বাস রয়েছে। পরিবহনের চেয়ারম্যান মুক্তার হোসেন আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বর্ধিত বাসভাড়া নিয়ে ২০১১ সালের ১৮ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনে শামীম ওসমান পরিবহন মালিকদের পক্ষ নিয়ে সাংসদ সারাহ বেগম কবরী, তৎকালীন পৌর মেয়র সেলিনা হায়াৎ আইভী, নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বিকে লাঞ্ছিত করেন। ওই সময় শামীম ওসমানের সঙ্গে মুক্তার হোসেনও ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, ওই বাস কাউন্টারের আশপাশে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আনন্দ পরিবহনের বাস কাউন্টারের কারণে পথচারীদের চলাফেরায় নানা দুর্ভোগ পোহাতে হয়। চাষাঢ়া রেলক্রসিংয়ের সামনে দুই লাইনে চার-পাঁচটি বাস সব সময় দাঁড় করিয়ে রাখা হয়। এতে ব্যস্ততম সড়কে যানজট ভয়াবহ আকার ধারণ করে। টিকিট কাউন্টার ঘিরে বখাটে ও মাদকসেবীদের আড্ডা চলে। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই আনন্দ পরিবহন জনসাধারণের চলাচলের রাস্তা, ফুটপাত অবৈধভাবে দখল করে কাউন্টার, যাত্রীছাউনি ও বাসস্ট্যান্ড গড়ে তুলেছে।পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, এ ধরনের অবৈধ কোনো কাউন্টার থাকলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।আনন্দ পরিবহনের চেয়ারম্যান মুক্তার হোসেন প্রথমে কাউন্টারের যথাযথ অনুমোদন আছে দাবি করলেও এর সপক্ষে তিনি কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি। তাঁর দাবি, ‘এখানে কাউন্টার বসিয়ে আমরা মানুষের উপকার করছি।’