নারায়ণগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে ঢাকার পোস্তগোলা পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে গতকাল শনিবার শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধনে বাসমালিকদের ২২টি সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের চাষাঢ়া ও মুন্সিগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা সড়কটি গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে এটি সংস্কার করা হচ্ছে না। সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এমনকি প্রাণহানির ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ বাসমালিক ঐক্যজোটের আহ্বায়ক মোক্তার হোসেন, মিনিবাস মালিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক আলী আহম্মদ প্রমুখ।