নারায়ণগঞ্জে সড়কের বর্জ্য অপসারণের দাবি
নারায়ণগঞ্জ শহরের চারারগোপ মোড় থেকে ৫ নম্বর ঘাট পর্যন্ত রাস্তার ওপর ময়লা-আবর্জনা রেখে রাস্তা বন্ধ করে রাখার প্রতিবাদ এবং বর্জ্য অপসারণের দাবিতে কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটি বিআইডব্লিউটিএর কাছে স্মারকলিপি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে বুধবার সকাল ১০টায় কমিউনিস্ট পার্টির নেতারা এ সমস্যা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গেও আলোচনা করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল কান্তি দাস, শহর কমিটির সভাপতি আবদুল হাই শরিফ, শহর কমিটির সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী।
এ সময় কমিউনিস্ট পার্টি নেতারা বলেন, নগরের কালীর বাজার চারারগোপ ফলের আড়তের পেছনে ও সামনে বিআইডব্লিউটিএ রাস্তাটি ফলের আড়তদারদের কাছে ইজারা দিয়েছে। দীর্ঘদিন ধরে ফলের আড়তের বর্জ্যে রাস্তায় কয়েক টন ময়লা স্তূপাকারে রেখে দেওয়া হয়েছে। বর্জ্য পচে তা থেকে বের হওয়া পানিতে রাস্তা তলিয়ে যায়। পচা পানি জমার কারণে রাস্তা ভেঙেচুরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটের পরিবহনগুলো ঠিকমতো চলতে পারে না। লম্বা যানজটের সৃষ্টি হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যান চলাচল করে। ওই সড়কের পাশে কাঠ, পুরোনো নষ্ট গাড়ি ফেলে রেখে রাস্তা সংকীর্ণ করে ফেলা হয়েছে। এতে করে ওই সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ১৯ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। নারায়ণগঞ্জ শহরের প্রায় সব প্রতিমা এই রাস্তা দিয়ে গিয়ে শীতলক্ষ্যা নদীতে বিসর্জন দেওয়া হয়। দুর্গোৎসবের আগে রাস্তা ঠিক না করলে সমস্যা হবে। জনজীবনে এই কৃত্রিম সংকট তৈরি করা নারায়ণগঞ্জবাসীর কাম্য নয়। এই ময়লা-আবর্জনা অপসারণের জন্য কমিউনিস্ট পার্টি, নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে প্রচারপত্র বিলি এবং গত শনিবার রাজপথে অবস্থান কর্মসূচিও পালন করা হয়েছে। তারপরও এই ময়লা-আবর্জনা অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে বর্জ্য অপসারণের দাবি জানান তাঁরা।
কমিউনিস্ট পার্টির নেতারা আরও বলেন, এই রাস্তা বিআইডব্লিউটিএর। তাই স্বাভাবিকভাবে এই সংকটমোচনের দায়দায়িত্বও সংস্থাটির ওপর বর্তায়। তাই অবিলম্বে রাস্তার ওপর থেকে ময়লা-আবর্জনা অপসারণের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্যানিটেশন কর্মকর্তা আলমগীর বলেন, এ রাস্তা বিআইডব্লিউটিএর। তারাই ফলের আড়তদারদের জায়গাটি ইজারা দিয়েছে। ময়লা সরানোর দায়িত্ব তাদের। আগে ময়লা ডাম্পিংয়ের জায়গা থাকায় এসব ময়লা অপসারণ করা যেত। এখন একটি পক্ষের বিরোধিতার কারণে ময়লা ফেলার জায়গার সংকট তৈরি হয়েছে।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন বলেন, জায়গাটি বিআইডব্লিউটিএর হলেও বর্জ্য পরিষ্কারের দায়িত্ব সিটি করপোরেশনের। এত দিন তারাই এ কাজ করেছে। এখন তারা ময়লা ফেলার জায়গা দেখিয়ে দিতে বলছে। তিনি বলেন, ‘সমস্যা সমাধানে আমরা সিটি করপোরেশন, জায়গার ইজারাদারসহ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলছি।’