নারায়ণগঞ্জে হকারদের পুনর্বাসনের দাবি
নারায়ণগঞ্জ শহরের ফুটপাত থেকে উচ্ছেদ করা হকারদের পুনর্বাসনের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে হকাররা শহরে বিক্ষোভ মিছিল করেছেন। পুনর্বাসন না করলে আজ বুধবার থেকে জোর করে ফুটপাত দখল করে দোকান বসানোর ঘোষণা দিয়েছেন তাঁরা।জানা গেছে, গতকাল সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু সড়কের গুলশান সিনেমা হলের সামনে হকাররা জড়ো হন। এরপর তাঁরা নারায়ণগঞ্জ শহর হকার্স ঐক্যপরিষদের ব্যানারে মিছিল বের করেন। মিছিলটি শহর ঘুরে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ পৌর শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে হকাররা নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে স্লোগান দেন।পরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে বক্তব্য দেন হকার নেতা আওলাদ হোসেন ও আমজাদ হোসেন। আওলাদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা হকারদের পুনর্বাসন করে উচ্ছেদ করার দাবি করেছি। কিন্তু আমাদের নানাভাবে ঘোরাচ্ছে প্রশাসন। আজকের মধ্যে প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নিলে কাল বুধবার আমরা জোর করে ফুটপাথে বসে পড়ব।’বক্তৃতায় আমজাদ হোসেন বলেন, ‘আমাদের ফুটপাত থেকে উচ্ছেদ করে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। নাগরিক কমিটি আমাদের বিরুদ্ধে। তাই আমরা নাগরিক কমিটির বিরুদ্ধে। আগামী নির্বাচনে আমরা কেউ পৌর মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ভোট দেব না।’ এ সমাবেশের পর হকাররা বেলা ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাহার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় যোগ দেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আইরিন পারভীন, নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, দোকান মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম প্রমুখ।আলোচনা সভায় হকারদের ব্যাপারে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, হকাররা অস্থায়ীভাবে শহরের সলিমুল্লাহ রোড ও গুলশান হলের পেছনে নয়ামাটিতে তাঁদের বসার ব্যবস্থা করা, হকার পুনর্বাসনের জন্য জায়গা খোঁজা, মিশনপাড়ায় হকার মার্কেটে দোকান পেয়ে কোন কোন হকার তা বিক্রি করে দিয়েছে তার তালিকা তৈরি করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নতুন করে হকারদের তালিকা তৈরি করা ইত্যাদি।ইউএনও মোতাহার হোসেন বলেন, ‘হকাররা বঙ্গবন্ধু সড়কে বসার যে ঘোষণা দিয়েছে, সে ব্যাপারে এ সভায় কোনো আলোচনা হয়নি।’