নারায়ণগঞ্জে হঠাৎ জ্বালানি গ্যাসের তীব্র সংকট
নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে হঠাৎ করেই জ্বালানি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গত বুধবার বেলা ১১টা থেকে বাসাবাড়িতে আকস্মিকভাবে গ্যাসের চাপ কমে যায়। গ্যাস-সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।
জানা গেছে, কয়েক দিন ধরেই শহরের বাবুরাইল, পাইকপাড়া, নয়াপাড়া, জল্লারপাড়, শীতলক্ষ্যা, তামাকপট্টি, নলুয়া, দেওভোগ, নিমতলা, সুতারপাড়া, মণ্ডলপাড়া, টানবাজার, কালিরবাজার, পালপাড়া, কাশীপুর, গলাচিপা, নন্দীপাড়া, গোয়ালপাড়া, কলেজ রোড, জামতলা, ইসদাইর, মাসদাইর, গাবতলী, উত্তর চাষাঢ়া, চাঁদমারি, মিশনপাড়া, আমলাপাড়া, ডন চেম্বার, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, পাঠানতলী, হাজীগঞ্জ, গোদনাইল, জালকুড়ি, দক্ষিণ সস্তাপুর, কাঠেরপুল, কোতালেরবাগ, লাল খাঁ, সেহাচর, পাগলা, পঞ্চবটী, ভোলাইলসহ বিভিন্ন এলাকায় গ্যাস-সংকট চলছে। এসব এলাকায় রাত আটটার পর সামান্য গ্যাস পাওয়া গেলেও দিনের বেলায় গ্যাস থাকছে না।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ বিভাগীয় উপমহাব্যবস্থাপক মকবুল আহম্মেদ বলেন, ‘সিদ্ধিরগঞ্জে জিটিসিএলের একটি স্টেশন রয়েছে, সেখান থেকে আমাদের গ্যাস সরবরাহ করা হয়। সেই স্টেশনটির রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার জন্যই এই রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। ’