নারায়ণগঞ্জে হরতালে গাড়ি ভাঙচুর, ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের একটানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হরতালকারীরা রেলপথে অবরোধ সৃষ্টি করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

পুলিশ জানায়, সকাল আটটার দিকে শহরের উকিলপাড়া এলাকায় হরতালের সমর্থনে যুবদলের নেতা-কর্মীরা মিছিল বের করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। তাঁরা ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় পিকেটাররা ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে লোহার বড় পাইপ ফেলে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ যুবদলের কর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এতে ট্রেন চলাচল ব্যাহত হয়নি।

নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাতটার দিকে শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগবিতণ্ডা হয়। পরে তাঁরা শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ করেন।

ওসি মঞ্জুর কাদের জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফতুল্লার ভুঁইগড় এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ৮-১০টি ককটলের বিস্ফোরণ ঘটান। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই তাঁরা সটকে পড়েন।

হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।