নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা আজ রোববারের হরতালের সমর্থনে গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। জানা গেছে, শহরের মিশনপাড়ার বাংলাদেশ হোসিয়ারি সমিতির কার্যালয়ের সামনে থেকে পৌর বিএনপি একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ ছাড়া শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপি একটি মিছিল বের করে। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শাহ আলমের নেতৃত্বে ফতুল্লায় আরেকটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর এলাকায় একটি মিছিল ও সমাবেশ হয়। এসব সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ আবুল কালাম, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দলের স্বার্থে নয়, বিএনপি হরতাল ডেকেছে দেশ ও জাতির স্বার্থে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রীদের নিরাপত্তা নেই, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা নেই। ভারতের সঙ্গে অবৈধ চুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ। তাই এসব দাবি আদায়ে হরতালের কোনো বিকল্প নেই।