নারায়ণগঞ্জে হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন, সভা
নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ২০০ শয্যার হাসপাতালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা গতকাল মঙ্গলবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। সভা থেকে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এ সময় প্রায় আধা ঘণ্টা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়।জরুরি বিভাগের সামনে সকাল ১০টায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চিকিৎসক মো. শফিউল আজম, নাজিমউদ্দিন খান, সর্দার সোহরাব প্রমুখ। এদিকে হামলার ঘটনায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. নাজিম খান নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। নাজিম খান জানান, গত রোববার শহরের বাবুরাইল এলাকার বাসিন্দা ফারুকের নেতৃত্বে ১৫-২০ জন জরুরি বিভাগে এসে এক রোগী সম্পর্কে জানতে চান। রেজিস্টার খাতা দেখে ওয়ার্ড বয় আওলাদ হোসেন এ নামে কোনো রোগী নেই বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা আওলাদের ওপর চড়াও হয়। এ সময় দুজন জ্যেষ্ঠ সেবকসহ তিনি (নাজিম) গিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করলে তাঁদের ওপরও চড়াও হয় হামলাকারীরা। তারা হাসপাতালের আসবাবও ভাঙচুরের চেষ্টা করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ তাঁরা পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।