নারায়ণগঞ্জে ১০ মাছ ব্যবসায়ীকে জরিমানা
নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর মাছঘাট ও দিগুবাবুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা ও নয় ইঞ্চির নিচে রুই, বোয়াল ও আইল মাছ বিক্রির অভিযোগে ১০ মাছব্যবসায়ীকে নয় হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। ধ্বংস করা হয়েছে ৪০০ কেজি ওজনের নিষিদ্ধ পিরানহা মাছ। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদৌজ্জা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা তাজুল ইসলাম ও বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদৌজ্জা জানান, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী অভিযান চালিয়ে শহরের ৫ নম্বর মাছঘাট এলাকায় ছয়জন ও দিগুবাবুর বাজারে চারজন মাছব্যবসায়ীকে নিষিদ্ধ পিরানহা মাছ ও নয় ইঞ্চির নিচে রুই, বোয়াল ও আইল মাছ বিক্রির অভিযোগে নয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মাটিতে কেরোসিন ঢেলে ৪০০ কেজি ওজনের পিরানহা মাছ পুঁতে ধ্বংস করা হয়েছে।