নারায়ণগঞ্জে ১২টি দোকান পুড়ে গেছে
নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় পিয়ার আলী হোসিয়ারী মার্কেটে গতকাল সোমবার রাতে আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।জানা গেছে, রাত সাড়ে ১০টায় শহরের উকিলপাড়া পিয়ার আলী মার্কেটে জলিল মিয়ার মেঘনা হোসিয়ারীতে আগুনের সূত্রপাত ঘটে। মুর্হূতের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের ভবনের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা ছোটাছুটি করতে থাকে। আগুনে মার্কেটের ১২টি দোকান পুড়ে হোসিয়ারী, গার্মেন্টসের ঝুট, যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে। খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।