নারায়ণগঞ্জে ১৩ হাজার পিস টি-শার্ট উদ্ধার গ্রেপ্তার পাঁচজন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার একটি স্টিল মিলে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল গত মঙ্গলবার রাতে রপ্তানিমুখী গার্মেন্টসের শিপমেন্টের ১৩ হাজার পিস রেডিমেড টি-শার্ট উদ্ধার করেছে। এ সময় একটি কাভার্ডভ্যান আটক ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, সাভারের এয়ারপুল ডোনাই এলাকায় অবস্থিত জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড রপ্তানিমুখী গার্মেন্টসের ৬০০ কার্টন ও ১৫ বস্তা রেডিমেড টি-শার্ট নিয়ে একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পথে রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার মেঘা স্টিল মিলের ভেতর কাভার্ডভ্যানটি নিয়ে যাওয়া হয়। সেখানে কাভার্ডভ্যানের ভেতরের কার্টন খুলে টি-শার্টগুলো বস্তায় ভরে অন্য একটি ট্রাকে তোলা হচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশ তৎক্ষণাৎ সেখানে অভিযান চালিয়ে ১৩ হাজার টি-শার্ট উদ্ধার করে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুলাল (৩০), নাজিম (২৮), আলাউদ্দিন (২৫), মিলন (৪২) ও সেলিম (২৫)।এ ঘটনায় থানায় মামলা হয়েছে।