নারায়ণগঞ্জে ১৪ ভাষা সৈনিককে সংবর্ধনা
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সময় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখায় নারায়ণগঞ্জের ১৪ জন ভাষাসৈনিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে জেলা প্রশাসনের উদ্যোগে এবং রহমতউল্লাহ মুসলিম ইনস্টিটিউটের সহযোগিতায় এ সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধিত ভাষাসৈনিকেরা হলেন: নাগিনা জোহা, গোলাম মোর্শেদ ফারুকী, খাজা মহিউদ্দিন, গফুর চৌধুরী, মোহাম্মদ হাসান, আক্কাস আলী মুন্সী, এম এইচ জামিল, মোস্তফা মনোয়ার, মফিজুল ইসলাম, বদরুজ্জামান বদর, এম এ আজগর, মোসলেহউদ্দিন আহমেদ, আহসানউল্লাহ মৃধা ও আয়েশা জামাল। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ক্রেস্ট দেওয়া হয়।জেলা প্রশাসক এম সামসুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ (বন্দর-সদর) আসনের সাংসদ নাসিম ওসমান। এ ছাড়া অন্যান্য অতিথির মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিনউল্লাহ নূরী, মাহবুবুল আলম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম।অনুষ্ঠানে ভাষাসৈনিকেরা বায়ান্নর ভাষা আন্দোলনের নানা স্মৃতি ও ঘটনা বর্ণনা করে বলেন, ভাষা আন্দোলন ও পরবর্তী প্রতিটি আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। একপর্যায়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন।