নারায়ণগঞ্জে ১৬ ঘণ্টায় তিন লাশ, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬ ঘণ্টার ব্যবধানে মিলেছে তিনটি লাশ। গত শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে একজনকে। এ ছাড়া শুক্রবার রাত ও শনিবার সকালে আরও দুটি লাশ উদ্ধার করে পুলিশ। এসব ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শহরের দেওভোগ নূর মসজিদ এলাকায় রাকিবুল ইসলাম নামের এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাকিবুল দেওভোগ নূর মসজিদ এলাকার আনোয়ার ইসলামের ছেলে।
নিহত রাকিবুলের বাবা আনোয়ার ইসলাম অভিযোগ করেন, দেওভোগ নূর মসজিদ এলাকার রাজু এবং সাজু নামের দুই ভাই দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করছেন। রাকিবুল এর প্রতিবাদ করেছিলেন। এই কারণেই মাদক ব্যবসায়ী ওই দুই ভাই তাঁকে হত্যা করেছে।
ফতুল্লার কাশীপুর হোসাইনি নগর এলাকার একটি ডোবা থেকে শুক্রবার রাতে শোয়েব হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। শোয়েব কাশীপুর ফরাজিকান্দার মনির হোসেনের ছেলে। তিনি ইট-বালুর ব্যবসা করতেন।
নিহত ব্যক্তির মামা নেয়ামতউল্লাহ জানান, গত বুধবার রাত একটার দিকে শোয়েবের মুঠোফোনে একটি ফোন আসে। এরপর বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।
এদিকে শহরের দেওভোগ নাগবাড়ী এলাকা থেকে নিখোঁজের এক দিন পর গতকাল বেলা ১১টার দিকে শিপলুর (২৮) নামের এক যুবকে লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ফতুল্লার নাগবাড়ীর আবদুল আউয়ালের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, কাশীপুর ও দেওভোগে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ থেকে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আইনশৃৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটা বলা যাবে না।