বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে ২০ জুনের হরতাল কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ২২৫ জন আইনজীবী। গতকাল বুধবার দুপুরে ওই আইনজীবীদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসককে দেওয়া হয়। স্মারকলিপিতে দ্রুত ওই সংকটের সমাধানের দাবি জানিয়ে বলা হয়, ২০ জুন সোমবার নারায়ণগঞ্জে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ডাকা আধাবেলা হরতালে জেলার সর্বস্তরের জনগণের সমর্থন রয়েছে। স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন আইনজীবী নুরুল কবির, ফজলুল হক ভূঁইয়া, হারুন অর রশিদ প্রমুখ। এদিকে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি গতকাল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আন্দোলনে সক্রিয় ছাত্র ফেডারেশনের কর্মী ও সাংস্কৃতিক সংগঠন ‘এই বাংলার’ সদস্য প্রশান্ত কুমার দাসকে বুধবার (গতকাল) দুপুরে সরকারি তোলারাম কলেজ ক্যাম্পাসে ৮-১০ জন ছাত্র নামধারী সন্ত্রাসী মারধর করেছে। এই সন্ত্রাসীরাই গত ৮ জুন তোলারাম কলেজ ক্যাম্পাসে বাসভাড়া প্রত্যাহারের দাবির আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তিনজন ছাত্রকে বেধড়ক পেটায়। ২০ জুনের হরতাল সফল করার লক্ষ্যে গতকাল বিকেলে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে শহরের হাজীগঞ্জ মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। বিকেলে হরতালের সপক্ষে গণসংযোগ ও মিছিল করা হয় শহরের খানপুর ও ডন চেম্বারে।