নারায়ণগঞ্জে প্রবাসী হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে প্রবাসী উজ্জ্বল মিয়া হত্যা মামলার রায়ে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।

আজ সোমবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের প্রথম বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এই রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার আবুল কাশেম (৫০) ও তাঁর ছেলে সুজন (২৪), ওই এলাকার কালু (৪৮) ও তাঁর ছেলে আজমান (২৬)। হত্যার পরিকল্পনার জড়িত থাকার দায়ে পৃথক ধারায় আসামি সুজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় শুধু সুজন উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক।

 বেকসুর খালাস পাওয়া আসামিরা হলেন আনার বেগম, আংশুরি বেগম, মুক্তি বেগম, লিপি, পারভীন ও মালেকা। 

মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আব্দুর রহিম ও আসামি পক্ষে সুলতান উজ্জামান।

কৌঁসুলি আব্দুর রহিম সাংবাদিকদের জানান, ২০১২ সালের ১৪ জুন বন্দর উপজেলার সোনাকান্দা বড় মসজিদ এলাকায় প্রবাসী মো. উজ্জ্বল মিয়ার কাছ থেকে সিগারেটের আগুন ধরানোর জন্য একটি লাইটার ধার নেন সুজন। দুদিন পর সুজনের কাছ থেকে লাইটার ফেরত চান উজ্জ্বল। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সুজন, কালু, আজমান, আবুল কাশেমসহ অন্য আসামিরা উজ্জ্বলকে মারধর করেন এবং একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় উজ্জ্বলের বাবা লুৎফর রহমান বাদী হয়ে সুজনসহ ১০ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহত উজ্জ্বলের মা বকুল বেগম জানান, এই রায়ে ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।