নারায়ণগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেপ্তার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাবের একটি দল গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিল, ৪০ কেজি গাঁজা, ফেনসিডিল তৈরির সরঞ্জাম ও দেশি অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উপ-অঞ্চলের উপপরিচালক ফজলুর রহমান জানান, গতকাল ভোরে নারায়ণগঞ্জ সার্কেল ও র্যাব-১১ পুরাতন কোর্ট ক্যাম্পের সমন্বয়ে গঠিত একটি দল হরিপুর কুঁড়িপাড়া এলাকার নুর হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় সাদা পোশাকের কর্মকর্তা ও র্যাব সদস্যদের ডাকাত বলে ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। হামলায় র্যাবের তিন সদস্য আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নুর হোসেন (৩৫), আমজাদ হোসেন ওরফে রনি (২০), সুমন (২৭), রাজ্জাক হোসেন ওরফে রানা (২৫) এবং সেলিম মিয়াকে (৩৭) গ্রেপ্তার করা হয়। ওই বাড়ি থেকে ৩০০ বোতল ফেনসিডিল, ২০ কেজি গাঁজা, দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি চাকু, ফেনসিডিলের বোতলের লেবেল, খালি বোতল, বোতলের মুখ লাগানোর মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী ছাবেদ মিয়ার (৩০) বাড়িতে অভিযান চালানো হয়। ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় ছাবেদ মিয়াকে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, এ ব্যাপারে র্যাব ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থানায় তিনটি মামলা করেছে।