নারায়ণগঞ্জে ৫ খুনের মামলার রায় ৭ আগস্ট

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় একই পরিবারের পাঁচজন খুনের মামলার রায় দেওয়া হবে আগামী ৭ আগস্ট। আজ রোববার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম হোসনে আরা আকতার যুক্তিতর্ক শেষে আসামি মাহফুজের উপস্থিতিতে রায়ের দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানান, পাঁচ খুনের মামলায় আসামি মাহফুজের উপস্থিতিতে আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে এ মামলার রায়ের দিন আগামী ৭ আগস্ট ধার্য করেছেন।
২০১৬ সালের ১৫ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল খানকা মোড় এলাকায় ‘আশেক আলী ভিলা’ নামে এক বাড়ির একটি ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্ল্যাটের তালা ভেঙে তাঁদের লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন মাহফুজের মামা শফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা আক্তার (৪০), ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) এবং তাঁর জা লামিয়া (২৫)। এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে তাঁর ভাগনে মাহফুজ, ঢাকার কলাবাগানের ঋণদাতা নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন।
ওই দিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন গ্রেপ্তার করা হন মাহফুজ। পরে মাহফুজ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৬ সালের ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মাহফুজকে আসামি করে অন্যদের অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।