নারায়ণগঞ্জে ৫৬টি নির্মাণাধীন ভবনের মালিককে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ শহরে নির্মাণাধীন ৫৬টি বহুতল ভবনের মালিক ও নির্মাতাপ্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে সিটি করপোরেশন। এরই মধ্যে এসব ভবনের নকশাবহির্ভূত অংশ ভাঙার কাজ শুরু হয়েছে। একটি পরামর্শক প্রতিষ্ঠান স্থপতির স্বাক্ষর জাল করে ২৫টি বহুতল ভবনের নকশা অনুমোদন করিয়ে নিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মোহামঞ্চদ মঈনুল ইসলাম বলেন, বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভা ২০০৪ সাল থেকে ভবনের নকশা অনুমোদনের কাজ শুরু করে। আগে শুধু রাজউক নকশা অনুমোদন করত। তিনি বলেন, ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে নির্মাণ করা হচ্ছে, এ রকম ৫৬টি নির্মাণাধীন বহুতল ভবন চিহ্নিত করা করেছে। নকশা অনুমোদন ছাড়াই কাসফা হোমস লিমিটেড তিনটি নির্মাণাধীন নয়তলা ভবনের ফ্ল্যাট বিক্রি করছে। সিটি করপোরেশন সূত্র বলছে, হক লিভিং লিমিটেডের জামতলার হাজী ব্রাদার্স সড়কে নির্মাণাধীন ১৩তলা আবাসিক ভবনের যে নকশা সিটি করপোরেশন অনুমোদন করেছে, তাতে উল্লেখ রয়েছে, ভবনের সামনে রাস্তা থেকে পাঁচ ফুট জায়গা খালি রাখা হবে। কিন্তু পরিদর্শনে দেখা যায়, পশ্চিম পাশে দুই ফুট এবং পূর্ব পাশে মাত্র চার ফুট জায়গা খালি রাখা হয়েছে। একইভাবে ভবনের পেছনে ও দুই পাশে অনুমোদিত নকশার চেয়ে কম জায়গা খালি রাখা হয়েছে। হক লিভিংয়ের বঙ্গবন্ধু সড়কের কালীর বাজারে নির্মাণাধীন আবাসিক কাম বাণিজ্যিক ১৫ তলা ভবনের অনুমোদিত নকশাবহির্ভূত অংশ চিহ্নিত করে ভাঙার জন্য নির্মাতাপ্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।সিটি করপোরেশন সূত্র জানায়, স্বপ্ননীড় হাউজিং লিমিটেডের ডি এন সড়ক, নন্দীপাড়ায় নির্মাণাধীন ১৫তলা ভবন ফাতেমা পয়েন্টের অনুমোদিত নকশায় সামনে পাঁচ ফুট জায়গা খালি রাখার কথা থাকলেও বাস্তবে রাখা হয়েছে তিন ফুট। একইভাবে পেছনে ১০ ফুটের জায়গায় তিন ফুট, পাশে আট ফুটের জায়গায় আড়াই ফুট জায়গা খালি রাখা হয়েছে। ফাতেমা পয়েন্টের নকশাবহির্ভূত অংশও ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে।মোহামঞ্চদ মঈনুল ইসলাম বলেন, ৫৬টি ভবনের নকশাবহির্ভূত অংশ চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জের কয়েকটি আবাসন কোম্পানি অর্থ ও ক্ষমতার দাপটে আইন ও নিয়মের তোয়াক্কা করতে চান না। তাঁরা ভবন নির্মাণের আগে নকশা অনুমোদন নিলেও নির্মাণের সময় তা যথাযথভাবে অনুসরণ করছেন না। যত প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, আইনবহির্ভূত স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। হক লিভিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন মাহমুদের দাবি, অনুমোদিত নকশা মোতাবেক ভবনগুলো নির্মাণ করা হচ্ছে। স্বপ্ননীড় হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশীদ বলেন, ‘সিটি করপোরেশনের নকশা অনুমোদনের কোনো এখতিয়ার নেই। তাঁরা হয়রানি বন্ধ না করলে আইনের আশ্রয় নেব। বিষয়টি আমরা স্থানীয় সাংসদ নাসিম ওসমানকে জানিয়েছি।’ এখতিয়ার না থাকলে আপনার প্রতিষ্ঠান কেন সিটি করপোরেশন থেকে ভবনের নকশা অনুমোদন করেছে? এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হারুন-অর-রশীদ।সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মোহামঞ্চদ মঈনুল ইসলাম অভিযোগ করেছেন, শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়ায় সমবায় নিউ মার্কেটের চারতলায় অবস্থিত বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্স নামের একটি পরামর্শক প্রতিষ্ঠান সিটি করপোরেশন থেকে ২৫টি বহুতল ভবনের নকশার অনুমোদন নিয়েছে। এসব নকশায় বুয়েট থেকে পাস করা একজন স্থপতির স্বাক্ষর ও সিল রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই স্থপতির স্বাক্ষর জাল করে এসব নকশা সিটি করপোরেশনে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মালিক নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ঢাকার একটি প্রতিষ্ঠান তাঁদের এসব নকশা করে দিয়েছে। প্রস্তাবিত রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জের (রেহান) আহ্বায়ক রাজধানী হোল্ডিংয়ের মালিক তোফাজ্জল হোসেন বলেন, ‘সিটি করপোরেশনের চলমান অভিযান নিয়ে আমরা এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি।’