নারায়ণগঞ্জে ৫৬টি ভবনের নকশাবহির্ভূত অংশ ভাঙা হবে
ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ নগরে নির্মাণাধীন ৫৬টি বহুতল ভবনের মালিক এবং নির্মাতা প্রতিষ্ঠানকে চলতি বছরের জানুয়ারিতে নোটিশ দিয়েছিল সিটি করপোরেশন। নোটিশ পেয়ে ভবনমালিকদের মধ্যে হাতে গোনা দু-একজন তাঁদের ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলেছেন। নোটিশ দেওয়ার পরও যেসব ভবনের নকশাবহির্ভূত অংশ ভাঙা হয়নি, সেগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযানে নামবে করপোরেশন।এ ছাড়া সিটি করপোরেশন গঠনের পর প্রশাসক দায়িত্বে থাকাকালে যথাযথ নিয়ম অনুসরণ না করে অন্তর্বর্তীকালীন সময়ে যে ৪৪২টি ভবনের নকশা অনুমোদন দিয়ে গেছেন, সেগুলোর ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মোহামঞ্চদ মঈনুল ইসলাম জানান, ইমরাত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে নির্মাণাধীন ৫৬টি বহুতল ভবন চিহ্নিত করা হয়েছে। নকশা অনুমোদন ছাড়াই কাসফা হোমস লিমিটেড নির্মাণাধীন তিনটি নয়তলা ভবনের ফ্ল্যাট বিক্রি করেছে। সিটি করপোরেশনের পরিদর্শক দল জানুয়ারিতে নির্মাতা প্রতিষ্ঠান হক লিভিংস এবং স্বপ্ননীড় হাউজিংয়ের নির্মাণাধীন ভবনগুলোর নকশাবহির্ভূত অংশ চিহ্নিত করে তা ভাঙার জন্য লাল রঙের চিহ্ন দিয়ে এলেও তা মুছে ফেলা হয়েছে।মঈনুল ইসলাম জানান, শহরের বঙ্গবন্ধু সড়কের সমবায় মার্কেটে অবস্থিত বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালটেন্সি নামের একটি পরামর্শক প্রতিষ্ঠান একজন স্থপতির জাল সই ও সিলসংবলিত ২৫টি ভবনের নকশা সিটি করপোরেশন থেকে অনুমোদন নিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, নকশাবহির্ভূত এসব ভবনের বিরুদ্ধে শিগগিরই অভিযানে নামার জন্য প্রয়োজনীয় যানবাহন ও যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে। নারায়ণগঞ্জের কয়েকটি আবাসন কোম্পানি ভবনের নকশা অনুমোদন নিলেও নির্মাণের সময় তা যথাযথভাবে অনুসরণ করে না। যাঁরা নকশা অনুসরণ করবেন না, প্রয়োজনে তাঁদের নকশা বাতিল করা হবে। এ ছাড়া নকশা অনুমোদনের আগেই কোনো আবাসন প্রকল্পে ব্যাংকঋণ, বিদ্যুৎ, পানি, গ্যাস-সংযোগ না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সাবেক প্রশাসকের অনুমোদন দেওয়া নকশাগুলো খতিয়ে দেখা হচ্ছে।হক লিভিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন মাহমুদ বলেন, তাঁর প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের নকশাবহির্ভূত যে অংশ সিটি করপোরেশন চিহ্নিত করেছে, তা তিনি নিজ উদ্যোগে ভেঙে ফেলবেন। এ ব্যাপারে স্বপ্ননীড় হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশীদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি।