নারায়ণগঞ্জে ৭ খুন: ওসিসহ ৮ জনের সাক্ষ্য গ্রহণ
নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় ফতুল্লা মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেনসহ আটজনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ ও জেরা হয়। পরে আদালত ২৫ জুলাই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন এবং আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
ওসি ছাড়া আদালতে সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা হলেন বেসরকারি মুঠোফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের সাবেক পরিচালক (স্টেকহোল্ডার রিলেশন) ইশতিয়াক হোসেন চৌধুরী, বন বিভাগের রেঞ্জার ফজলুল হক, সিদ্ধিরগঞ্জ থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম খান, র্যাব-১১-এর সাবেক উপপরিচালক (ডিএডি) জামাল উদ্দিন, সাতজনের লাশ ফেলানোয় ব্যবহৃত র্যাবের স্টিল বোট জব্দের সাক্ষী রমজান হোসেন, মামলার প্রধান আসামি নূর হোসেনের বাড়ি থেকে জব্দ করা মালামালের সাক্ষী ওয়ার্কশপের শ্রমিক মকবুল হোসেন ও মাছ ব্যবসায়ী আবদুর রউফ।
ইশতিয়াক হোসেন চৌধুরী তাঁর সাক্ষ্যে আদালতকে বলেন, ২০১৫ সালের ১৮ মার্চ পুলিশ হেডকোয়ার্টারের এআইজি (কনফিডেনশিয়াল) মাহফুজুর রহমান গ্রামীণফোনের ১০টি নম্বরের যোগাযোগের বিস্তারিত তথ্য চেয়ে পাঠান। তাঁরা ৩০ মার্চ তথ্য পাঠিয়ে দেন।
বন বিভাগের রেঞ্জার ফজলুল হক বলেন, মামলার প্রধান আসামি নূর হোসেনের বাড়িতে ক্রোকি অভিযানে যেসব বন্য প্রাণী উদ্ধার হয়েছিল, সেগুলো সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুদ আলম খানের কাছ থেকে তিনি বুঝে নেন। বন্য প্রাণীগুলোর মধ্যে ছিল তিলা ঘুঘু, আফ্রিকান ধূসর প্যারট, ব্লু ম্যাকাউ, কাকাতুয়া, আফ্রিকান প্যারট, ইউরোশিয়ান কালার ঘুঘু এবং বিভিন্ন প্রজাতির কবুতর।
পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী এস এম ওয়াজেদ আলী খোকন বলেন, আদালতে আটজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। আদালত ২৫ জুলাই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় আরেকটি মামলা করেন। প্রায় এক বছর তদন্ত শেষে পুলিশ সংস্থা নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এ ঘটনায় নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ জন বর্তমানে কারাগারে আছেন।