নারায়ণগঞ্জে ৭ খুন: রানার জামিনও নামঞ্জুর
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলায় র্যাব-১১ এর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানার জামিন আবেদনও নামঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার সকালে রানার পক্ষে তাঁর দুই আইনজীবী জামিনের আবেদন জানালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ সিদ্দিকীর আদালত তা নামঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। প্রায় এক বছর তদন্ত শেষে চলতি বছরের ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ খুনের ঘটনায় নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জন কারাগারে আটক রয়েছেন। পলাতক রয়েছেন র্যাবের আট সদস্যসহ ১৩ জন।