নারায়ণগঞ্জের উন্নয়নে মেয়রের কাছে ৪৩ দফা সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সার্বিক উন্নয়নে ৪৩ দফা সুপারিশ করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। গতকাল বুধবার নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে দেখা করে সুপারিশমালা তুলে ধরে।প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক আবদুর রহমান, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, তারেক বাবু, আবদুল হাই ও জব্বার চিশতি। নাগরিক কমিটির সুপারিশগুলোর মধ্যে রয়েছে, শীতলক্ষ্যা নদীর নির্ধারিত সীমানায় রাস্তা নির্মাণসহ বনায়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পর্যটনকেন্দ্র গড়ে তোলা, শহরের যানজট নিরসনে ইজি বাইকের ব্যাপারে একটি নীতিমালা প্রণয়ন ও ধীরে ধীরে রিকশা উঠিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ, পানির সমস্যা সমাধানে ওয়াসার পরিবর্তে এই সেবা খাতটি সিটি করপোরেশনের আওতায় নিয়ে জনগণের সেবা নিশ্চিত করা।নাগরিক কমিটির নেতারা জানান, তাঁদের সুপারিশমালায় আরও রয়েছে, শহরের চাষাঢ়া এলাকার যানজট নিরসনে ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ির অংশবিশেষ ভেঙে রাস্তা প্রশস্ত করা, মশা নির্মূলে যথাযথ ব্যবস্থা গ্রহণ, বিলুপ্ত তিন পৌর এলাকায় তিনটি পার্ক ও তিনটি সুইমিং পুল নির্মাণ, নারায়ণগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় জাদুঘর স্থাপন, বাণিজ্যের জন্য নারায়ণগঞ্জে আসা অতিথিদের জন্য মানসম্পন্ন অতিথিশালা তৈরি, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয়, কমিউনিটি হেলথ ক্লিনিক, মিলনায়তন ও গ্রন্থাগার নির্মাণ করা।নাগরিক কমিটির নেতাদের প্রত্যাশা, এসব দাবি বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জের দৃশ্যপট বদলে আরও উন্নত নগরীতে পরিণত হবে।