নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় ১১ ছাত্র অনুপস্থিত, তদন্তে পুলিশ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদবাড়ী এলাকার বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ১১ জন ছাত্র ১০ দিনের বেশি সময় ধরে ক্লাসে অনুপস্থিত। অনুপস্থিত ১১ ছাত্রের নামের তালিকা মাদ্রাসা কর্তৃপক্ষ ৯ আগস্ট বন্দর থানাকে দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
জানা গেছে, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে বন্দর উপজেলার শাহী মসজিদবাড়ী এলাকার বন্দর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নুরুল হক ৯ আগস্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ছাত্রদের নামের একটি লিখিত তালিকা দেন। এতে ১০ দিন বা তারও বেশি সময় ক্লাসে অনুপস্থিত এমন ১১ জন ছাত্রের নাম রয়েছে। ১১ জন ছাত্রের মধ্যে নয়জনের অভিভাবকের মুঠোফোন নম্বরও দেওয়া হয়েছে তালিকায়।
গতকাল শুক্রবার যোগাযোগ করা হলে বন্দর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নুরুল হক বলেন, ‘সরকারি নিয়ম মেনে আমরা অনুপস্থিত ছাত্রদের তালিকা পুলিশকে দিয়েছি। পরে একজন পুলিশ কর্মকর্তা মাদ্রাসা পরিদর্শন করে অনুপস্থিত ছাত্রদের পূর্ণাঙ্গ ঠিকানা চেয়েছেন। গত বৃহস্পতিবার পর্যন্ত মাদ্রাসায় পরীক্ষা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। শুক্রবার সাপ্তাহিক ছুটি। শনিবার (আজ) দুপুরের মধ্যে আমরা অনুপস্থিত ১১ ছাত্রের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা বন্দর থানায় জমা দেব। অনুপস্থিত ছাত্রদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। মাদ্রাসায় ৬৯৯ জন ছাত্র রয়েছে। আবাসিক ছাত্র মাত্র দুজন।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) অখিল রঞ্জন সরকার গতকাল বিকেলে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ ঠিকানা দেয়নি। যাদের মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে, তাদের মধ্যে দুজনের পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে তারা অসুস্থ। বাসাতেই আছে। তাদের অভিভাবকদের থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। কয়েকজনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। অনুপস্থিত ১১ জনের প্রত্যেকের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশ কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম প্রথম আলোকে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের
দেওয়া তালিকা ধরে অনুসন্ধান করা হচ্ছে।