নারায়ণগঞ্জের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সার্বিক বিষয় তদন্তে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর স্বতঃপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন।
আদালত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ওই কমিটিতে তিনটি মন্ত্রণালয় থেকে উপসচিবের পদমর্যাদার নিচে নয়, এমন দুজন করে প্রতিনিধি রাখতে বলা হয়েছে। কমিটিতে জনপ্রশাসন, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন করে প্রতিনিধি রাখতে বলা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব প্রতিনিধি মনোনয়ন করবেন।
কমিটি গঠন ও কার্যক্রম বিষয়ে আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। একই সঙ্গে ওই ঘটনায় র্যাবের সাবেক ও বর্তমান কোনো সদস্যের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে বিভাগীয় তদন্ত করতে র্যাবের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি এই ঘটনায় করা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়ে তদন্ত করতেও নির্দেশ দেন আদালত।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা নিয়ে আজ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী শামীম সরদার। প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন। একই সঙ্গে আদালত এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শকে (আইজিপি) নির্দেশ দিয়েছেন।
আদেশের বিষয়টি জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক বলেন, নারায়ণগঞ্জে সাতজন অপহরণ, গুম ও হত্যাসহ সার্বিক বিষয় তদন্ত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
আইনজীবী শামীম সরদার বলেন, অর্থ লেনদেনের অভিযোগ তদন্ত করতে সাত সদস্যের কমিটি গঠন করতে বলা হয়েছে।
গত ২৭ এপ্রিল দুপুুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে সাতজনের মরদেহ। এই সাতজন হলেন এক গাড়িতে থাকা কাউন্সিলর নজরুল ইসলাম, তাঁর সঙ্গী তাজুল ইসলাম, মনিরুজ্জামান স্বপন, লিটন ও তাঁর গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আরেকটি গাড়িতে থাকা আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলাও করেছে নজরুলের পরিবার।