নারায়ণগঞ্জের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ করে হত্যার ঘটনায় আদালতের নির্দেশনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বুধবার রাতে এই কমিটি গঠন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এর আগে ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত হত্যাকাণ্ডের ঘটনা রাষ্ট্রীয় কোনো সংস্থার কোনো সদস্য জড়িত কি না, তা তদন্তে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ৫ মে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ  আদেশ দেন।

আদালত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ওই কমিটি গঠন করতে বলেছেন। কমিটিতে তিনটি মন্ত্রণালয় থেকে উপসচিবের পদমর্যাদার নিচে নয়, এমন দুজন করে প্রতিনিধি রাখতে বলা হয়েছে। কমিটিতে জনপ্রশাসন, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন করে প্রতিনিধি রাখতে বলা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এই প্রতিনিধি মনোনয়ন করবেন।

আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে কমিটি গঠন ও কার্যক্রম বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।