অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীর তীর থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ছয়জনের লাশ উদ্ধার এবং দেশব্যাপী চলমান অপহরণ, গুম ও খুনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ।
একই সঙ্গে অপহূত ব্যক্তিদের জীবিত উদ্ধারে ও অপরাধীদের খুঁজে বের করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এসব হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ফোরাম।
আইন ও সালিশ কেন্দ্র (আসক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), মহিলা পরিষদ, ব্লাস্ট, মানুষের জন্য ফাউন্ডেশনসহ সুশাসনপ্রত্যাশী ১৯টি বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবাধিকার ও নাগরিক সংগঠনের সমন্বয়ে গঠিত এ ফোরাম গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ এবং দাবি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক হারে অপহরণের ঘটনা ঘটছে, যার ফলে জনমনে ব্যাপক নিরাপত্তাহীনতা আর আতঙ্ক বিরাজ করছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত চার মাসে সারা দেশে ৫৪ জন অপহরণের শিকার হয়েছেন। এঁদের মধ্যে ফিরে এসেছেন কেবল আটজন, ১৫ জনের লাশ পাওয়া গেছে। বাকিদের কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি। এসব ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খুঁজে বের করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যা মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্রকে সংকুচিত করে তুলছে। সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ওপর জনগণ আস্থা হারাচ্ছে।
এসব ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দায়িত্ব সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং এ দায়িত্ব সাংবিধানিকভাবে অর্পিত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অতি দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ। বিজ্ঞপ্তি।