নারায়ণগঞ্জের চার কাউন্সিলর সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চারজন কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার বিকেলে স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত ভিন্ন ভিন্ন চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বরখাস্ত হওয়া কাউন্সিলররা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম।
কাউন্সিলরদের বরখাস্তের নোটিশ সিটি করপোরেশনের কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনসহ ১১টি কার্যালয়ে পাঠানো হয়েছে। জারি করা এ আদেশে সই করেছেন স্থানীয় সরকারের উপসচিব আবদুর রউফ মিয়া।
প্রজ্ঞাপনে বলা হয়, এই চার কাউন্সিলরের বিরুদ্ধে আনা অভিযোগ আদালত গ্রহণ করায় স্থানীয় সরকার আইন ২০০৯ এ ধারা ১২ এর উপধারা ১ অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হলো।
সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আরও তিন কাউন্সিলরকে বরখাস্ত করা হয়। তখন মামলা থাকা সত্ত্বেও এই চার কাউন্সিলরকে কেন বরখাস্ত করা হবে না—এ নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তোলে।