নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নারায়ণগঞ্জের চেয়ে ভালো হবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। তাই নির্বাচনসংশ্লিষ্ট কোনো কর্মকর্তার গাফিলতি সহ্য করা হবে না। নির্বাচনে কারও গাফিলতি পাওয়া গেলে দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতিসহ কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।গতকাল রোববার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। কুমিল্লা সিটি নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ওই মতবিনিময় সভা হয়।এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনে কালোটাকার ছড়াছড়ি ও আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হবে। নির্বাচনী আচরণবিধি রক্ষার ব্যাপারে নির্বাচন কর্মকর্তাদের যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো ব্যবস্থা নির্ভয়ে নিতে হবে। সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান এবং সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচারণা: আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খানের পক্ষে গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচার চালান। জোটের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল নগরের কান্দিরপাড়, রাজগঞ্জ ও সার্কিট হাউস এলাকায় প্রচার চালান। তা ছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ ও ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল নির্বাচনী প্রচারে মাঠে রয়েছেন। তাঁরা আনারস প্রতীকে ভোট চাইছেন। আফজল খানও নগরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হক (সাক্কু) নগরের চৌয়ারা এলাকায় গণসংযোগ করেন। একই সঙ্গে তাঁর সমর্থনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আসিফ আকবর কোটবাড়ী, গন্ধমতী ও চাঙ্গিনী এলাকায় হাঁস প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। তা ছাড়া আওয়ামী লীগের দুই বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নূর-উর রহমান মাহমুদ ও আনিসুর রহমান এবং জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদ নগরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।