নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সামছুরকে অবশেষে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বিতর্কিত জেলা প্রশাসক মো. সামছুর রহমানকে অবশেষে দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরে বদলি করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার মনোজ কান্তি বড়াল। গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে সামছুর রহমানকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরে বদলি করা হয়।২০০৯ সালের ১৯ মার্চ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্ব পান সামছুর রহমান। এরপর গত প্রায় তিন বছর এ দায়িত্বে থাকাকালে নানা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। প্রাথমিক শিক্ষক, স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিভাগে কর্মচারী নিয়োগ ও আদালতের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যা নদী রক্ষায় সীমানা নির্ধারণে অনিয়ম, লেডিস ক্লাবের নামে চাঁদা সংগ্রহসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া গত ১৯ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পরিবহন কমিটির এক সভায় সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ্ বেগম কবরীকে মারতে উদ্যত হন এবং শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে কিল-ঘুষি মারেন। নিজের সামনেই এ অপ্রীতিকর ঘটনা ঘটলেও জেলা প্রশাসক সামছুর রহমান সে সময় মাথা নিচু করে চেয়ারে বসে থাকেন। সভার অনেকেই তাঁর নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার পক্ষপাতিত্বের অভিযোগ এনে জেলা প্রশাসক সামছুর রহমানের বদলির দাবি তোলেন। তার পরও এত দিন তিনি বহালতবিয়তে ছিলেন।