নারায়ণগঞ্জের ডিসি বদল
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মনোজ কান্তি বড়ালকে প্রত্যাহার করে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে। আর টাঙ্গাইলের ডিসি মো. আনিছুর রহমান মিয়াকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার এ বিষয়ে আদেশ জারি করে বলে প্রথম আলোকে জানান জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে একের পর এক অপহরণের ঘটনা ঘটছে। এ নিয়ে তীব্র সমালোচনা ও আতঙ্কের মধ্যে মনোজ কান্তি বড়ালকে সরিয়ে দেওয়া হলো।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব হোসেনকে টাঙ্গাইলের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির জরুরি বৈঠকে জেলা প্রশাসক (ডিসি) মনোজ কান্তি বড়ালকে প্রত্যাহারের সিদ্ধান্ত্ত নেওয়া হয় বলে সভা-সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এ তথ্য জানায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জেলার দায়িত্বশীল কর্মকর্তাদের বদলির নির্দেশ দেন।