নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ছয় মৌজায় কৃষিজমি ও জলাভূমি ভরাট কার্যক্রম কেন অব্যাহত রয়েছে, তা জানাতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট। ২২ ফেব্রুয়ারি তাঁকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। ব্যক্তিগত হাজিরা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবির। ইউনিক প্রোপ্রার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম।
আইনজীবী সূত্র বলেছে, পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, জৈনপুর, ছয়হিস্যা, চরভবনাথপুর, বাটিবান্ধা ও রতনপুর মৌজার কৃষিজমি, জলাভূমি, মেঘনা নদীর অংশবিশেষ ভরাট করে ডেভেলপার কোম্পানি ইউনিক প্রোপ্রার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেড সোনারগাঁও রিসোর্ট সিটি প্রকল্পের কার্যক্রম শুরু করে। প্রায় ২ হাজার ২৫০ বিঘা জায়গাজুড়ে ওই প্রকল্পের কার্যক্রম শুরুর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৪ সালে হাইকোর্টে রিট আবেদন করে বেলা।
প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২ মার্চ হাইকোর্ট রুল দেন। ইউনিক প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডকে ওই এলাকায় মাটি ভরাট কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়। সেই সঙ্গে ভরাট করা জায়গা থেকে মাটি-বালু অপসারণেরও নির্দেশ দেওয়া হয়। এ আদেশ প্রতিপালিত হয়েছে বলে বিবাদীরা আদালতে প্রতিবেদন দেন বলে জানা গেছে।
আইনজীবী সূত্র বলছে, এরপর সোনারগাঁ অর্থনৈতিক অঞ্চলের (ইকোনমিক জোন) জন্য প্রাকযোগ্যতার অনুমোদন পাওয়ার কথা জানিয়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড হাইকোর্টের আগের আদেশ সংশোধন চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর নিষেধাজ্ঞার আদেশ সংশোধন করে কার্যক্রম পরিচালনার আদেশ দেওয়া হয়।
রিট আবেদনকারীপক্ষ জানায়, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে বেলা আপিল বিভাগে আবেদন করে। এর ওপর শুনানি নিয়ে গত ৩ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের ২৫ অক্টোবর দেওয়া আদেশ স্থগিত করেন। ফলে মাটি ভরাটের কার্যক্রমের ওপর ২০১৪ সালের ২ মার্চ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা আদেশ বহাল থাকে। নিষেধাজ্ঞা বহাল থাকার পরও পুনরায় ওই এলাকায় মাটি ভরাট কার্যক্রম শুরু করা হয়েছে বলে আদালত অবমাননার অভিযোগে গত ১৬ জানুয়ারি হাইকোর্টে আবেদন করে বেলা। এ আবেদনের ওপর শুনানি নিয়ে ২২ জানুয়ারি হাইকোর্ট আদালত অবমাননার রুল দেন। এরপরও ভরাট কার্যক্রম চলছে জানিয়ে ১২ বিবাদীর ব্যক্তিগত হাজিরার নির্দেশনা চেয়ে ৬ ফেব্রুয়ারি আবেদনটি করে বেলা। এর ওপর শুনানি নিয়ে গতকাল আদালত আদেশ দেন।