নারায়ণগঞ্জের নির্বাচন নিরপেক্ষ হবে না: বিএনপি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা বলেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আশঙ্কার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। এই কমিশন নিরপেক্ষ নয়। তা ছাড়া নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে। এই মেশিনের মাধ্যমে ভোটের ফলাফল পাল্টে দেওয়া সম্ভব।সংবাদ সম্মেলনে আগে দলীয় কার্যালয়ে বিএনপির একটি যৌথসভা অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর উপলক্ষে যৌথসভায় ১০ দিনব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয়। বিএনপি ওই দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে থাকে। কর্মসূচির মধ্যে আছে আলোচনা সভা, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা প্রভৃতি। ৭ নভেম্বর বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, গোলাম আকবর খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। কারও বিরুদ্ধে সাক্ষী দেননি সালাম: সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা মহানগরের সদস্যসচিব ও কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম সাংবাদিকদের বলেন, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে কারও বিরুদ্ধে সাক্ষী দেননি। তদন্ত কর্মকর্তা কিছু তথ্য জানার জন্য তাঁকে ডেকেছিলেন।আবদুস সালাম বলেন, ‘নিজামী, মুজাহিদ ও আবদুল আলীমকে চিনি কি না, তা জানতে চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা। আমি বলেছি, রাজনৈতিক নেতা হিসেবে তাঁদের চিনি। এ ছাড়া আমি কোন সেক্টরে যুদ্ধ করেছি, এসব জানতে চেয়েছেন।’বিএনপির এই নেতা বলেন, ‘১৯৭৩ সালের ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আমাকে সেখানে যেতে বাধ্য করে তদন্ত কর্মকর্তা। এ সময় আমার সঙ্গে আইনজীবীও ছিলেন।’